জাতীয়

পুশ ইন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার (৬ মে) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী রাজনৈতিক উত্তেজনা চলছে। এর প্রভাবে বাংলাদেশে কোনো অনুপ্রবেশ বা ‘পুশইন’ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি। তবুও আগাম সতর্কতা হিসেবে বিজিবিকে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বৈঠকে জেলা প্রশাসকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে মামলা প্রত্যাহার বিষয়ক একটি নির্দেশনা দেয়া আছে। বিগত সময়ের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য আগামী এক মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া যাদের অস্ত্রের লাইসেন্স অবৈধ হয়ে গেছে কিংবা যেসব অস্ত্রের লাইসেন্স নিয়ে নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সেই সব অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়েছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর একটি সঠিক তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ঈদুল আজহার সময় মানুষের যাত্রা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। মহাসড়ক ও রেলপথে অপরাধ দমনে পুলিশ সদস্যদের ‘বডি ক্যামেরা’ ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। জাল টাকা শনাক্ত করতে মেশিন সরবরাহ এবং ফেরিঘাটে বাসের নিরাপত্তা নিশ্চিতের তদারকি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। 

এসময় মাদক ও অনলাইন জুয়াকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব অপরাধ দমনে অভিযান চলতে থাকবে। সরকার অনলাইন জুয়াসহ প্রযুক্তির অপব্যবহার করে অপরাধ কঠোরভাবে দমনে নতুন আইন প্রণয়ন করছে। মন্ত্রী জানান, সাইবার জগৎ নিরাপদ রাখতে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন