দেশজুড়ে

কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে ঠিকাদারের মারধর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধর করেছেন ঠিকাদার লোকমান হোসেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলছিল। প্রায় ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ঠিকাদার লোকমান হোসেন।

নিম্নমানের কাজের অভিযোগে গতকাল সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ অনিয়মের বিষয়টি যাচাই-বাছাই করতে ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসে।

পরিদর্শনের একপর্যায়ে ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক অতর্কিতভাবে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিকেলে ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

ওসি শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন