নেত্রকোণায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম কে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি সংবলিত একটি চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে পৌর শহরের সাতপাই এলাকায় তার ব্যক্তিগত চেম্বারের সামনে এসব রেখে যাওয়া হয় । নেত্রকোণা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন।
চিরকুটে সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করে লেখা হয়েছে, 'আগামী ১৬ ডিসেম্বর তাকে ধরে নিয়ে শহরের মোক্তারপাড়া সেতুর পাশে জুলাই চত্বরের সামনে গুলি করে হত্যা করা হবে। দাফন কাফনের সকল সরঞ্জামাদি রেখে গেলাম। এগুলো যত্ন করে রেখো। দাফনের সময় এগুলো কাজে লাগবে।'
ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম বলেন, সকালে চেম্বারের সামনে কাফনের কাপড়সহ একটি চিরকুটে হত্যার হুমকিসহ কাফনের উপকরণ ঝুলিয়ে রেখে গেছে।
তিনি আরও বলেন, চিরকুটটিতে সর্বহারা গ্রুপের নাম ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাম ব্যবহার করে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বিষয়টি দলের নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে। তবে হুমকি ধামকি দিয়ে আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমজে/এ