দেশজুড়ে

গোপালগঞ্জে বন্ধ প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনার পর সংস্থাটির নির্দেশে এসব হিসাব বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। হিসাব বন্ধ হওয়ায় বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার গ্রাহকেরা লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। ক্ষতিগ্রস্তদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য যাচাইয়ের পর এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য হিসাবগুলো বন্ধ রাখা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর থেকে লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গ্রাহকেরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন