১৫ বছরে অর্থনীতিতে দুর্নীতির চক্র তৈরি হয়েছে: রাষ্ট্রপতি
গত ১৫ বছরে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এতে দেশের অর্থনীতি দুর্নীতির চক্রে আটকে পড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দক্ষিণ এশীয় হিসাববিদ ফেডারেশনের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। এটি ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
তিনি বলেন, প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছ হিসাব নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন মির্জা ফখরুল। এ ছাড়া উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতি সুরক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়। হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবারই জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাব ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হিসেবে উল্লেখ করেন তিনি।
হিসাব পেশাজীবীদের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি এবং অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে তাদের। ভয় বা পক্ষপাত ছাড়াই যাতে হিসাববিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে।
আঞ্চলিক সহযোগিতার বিষয়ে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ধারাকে আরও শক্তিশালী করেন।
এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির ব্যবহার ও টেকসই উন্নয়নের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে জ্ঞান বিনিময় এবং পেশাগত মান সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
এসি//