জাতীয়

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন

দেশের সাত জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন সদস্যরা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম সচল রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন