জাবিতে প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেয়া হয়েছে। তার পরিবর্তে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নতুন এ নিয়োগ কার্যকর হবে। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী প্রভোস্ট হিসেবে নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন তিনি।
এর আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এসব সংগঠন সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের পদ থেকে সরানোর দাবি তোলে।
গত ২১ নভেম্বর তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি জানায় ছাত্রদল। একই দিন চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে জাতীয় ছাত্রশক্তি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানায় সংগঠনটি।
এর পরদিন ২২ নভেম্বর চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। স্মারকলিপিতে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও জানানো হয়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হলেও এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এসি//