আইন-বিচার

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে অংশীজনের সঙ্গে আলোচনা হচ্ছে: আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে তিনি এ কথা বলেন।

আইনের বিভিন্ন ধারায় যেসব আপত্তি রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, অংশীজনদের আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে তা জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় জড়িত থাকায় প্রধানমন্ত্রী আইনটি মন্ত্রিসভা থেকে পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন।

মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ উপধারায় যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও মতপ্রকাশ ও বাকস্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

পরামর্শ সভায় অংশীজনদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা আইনের বেশ কয়েকটি ধারার প্রশংসা করেছেন এবং কিছু সুপারিশও দিয়েছেন। সেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে নোট নেওয়া হয়েছে। আলোচনার জন্য আইনটির খসড়া এক সপ্তাহ থেকে ১০ দিন আগেই অংশীজনদের কাছে পাঠানো হয়েছিল, যেন তারা প্রস্তুতি নিয়ে আসতে পারেন।

তিনি আরও বলেন, কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষমতা বিচারিক পর্যালোচনার আওতাধীন থাকবে। বিষয়টি চূড়ান্ত খসড়ায় কীভাবে আসছে, তা দেখার পর এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।

পরামর্শ সভায় আইনের ধারাগুলোর ম‌ধ্যে কিছু কিছু ধারা নি‌য়ে বি‌দে‌শি কূটনী‌তিক‌রা প্রশংসা ক‌রে‌ছে ব‌লে জানান আইনমন্ত্রী। তি‌নি ব‌লেন, ওরা অনেকগুলো ধারাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওদের দুই একটা রিকমেন্ডেশন ছিল। তারা নাগরিক অধিকার নাগরিক অধিকার রক্ষার্থে আমাদের উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করেছে।

 

 

এমজে/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন