যার নামে একসময় কাঁপত ঢাকার অপরাধজগৎ, কে এই সুইডেন আসলাম?
নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে আলোচিত নাম ছিল সুইডেন আসলাম। খুন, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধের অভিযোগে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর চলে যান আত্মগোপনে। প্রায় দুই বছর পর আবারও আলোচনায় এলেন এই শীর্ষ সন্ত্রাসী। এবার দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সুইডেন আসলামকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে সর্বশেষ গ্রেপ্তারের সময়ও ক্ষমতায় ছিল বিএনপি সরকার। তবে দীর্ঘদিন পর আবারও গ্রেপ্তারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে তার অপরাধজগতের অতীত।
কে এই সুইডেন আসলাম?
সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় তার বাড়ি। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন।
একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বেশ কয়েকটি এলাকার অপরাধজগতে তার প্রভাব ছিল। হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পরিচিতি পান তিনি।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের কারণে তাকে ঘিরে অপরাধজগতে নানা আলোচনা ও রহস্য তৈরি হয়েছিল।
যেভাবে অপরাধজগতে উত্থান
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬ থেকে ১৯৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব বিস্তার করে। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে প্রথমবার আলোচনায় আসেন তিনি।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের হাতে। এই দলের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান।
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।
১৯৯৬ সালে রানা গ্রুপের সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডে আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, পিচ্চি হান্নানকে দিয়েই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আসলাম।
রানা নিহত হওয়ার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব আরও বিস্তৃত হয়। এসব এলাকার মধ্যে কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব দেওয়া হয় পিচ্চি হান্নানকে। তবে চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে।
কারাগারে থেকেও অপরাধজগতের নিয়ন্ত্রণের অভিযোগ
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বয়স ছিল ৩৫ বছর। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।
কারাগারে যাওয়ার পরও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বজায় ছিল বলে অভিযোগ রয়েছে। বাইরে থেকে এসব কর্মকাণ্ড পরিচালনায় প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান।
অভিযোগ রয়েছে, কারাগারে বসেই ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন আসলাম। এসব অর্থের একটি অংশও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন তিনি। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়। এসব ফোন ব্যবহার করে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
যেভাবে নামের আগে যুক্ত হয় ‘সুইডেন’
আসলামের নামের সঙ্গে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি সুইডেনপ্রবাসী ছিলেন। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে অবস্থান করেন। সেখান থেকেই পরিচিতি পান সুইডেন আসলাম নামে। পরবর্তী সময়ে ইতির সঙ্গে তার বিচ্ছেদ হয়।
তার ঘনিষ্ঠজনদের কয়েকজনের দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তির সুযোগ থাকলেও ক্রসফায়ারের আশঙ্কায় তিনি জামিনের চেষ্টা করেননি।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে ১২টি মামলা ছিল। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয়েছিল তার।
২৭ বছর পর মুক্তি, আবারও গ্রেপ্তার
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ছিল সুইডেন আসলামের। গ্রেপ্তারের পর থেকে তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।
দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তার মুক্তির ঘটনায় তখন ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
কারামুক্তির পর থেকেই অনেকটা আড়ালে চলে যান সুইডেন আসলাম। তবে এবার দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে বিমানবন্দরে গ্রেপ্তারের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন ঢাকার অপরাধজগতের একসময়ের এই আলোচিত নাম।