রাজনীতি

শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে যাবে না এনসিপি : নাহিদ

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, দেশে একটা সংকটকাল চলছে। সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানিয়েছেন  দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা সেখানে যাবেন।

তিনি বলেন,  কিন্তু যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।

তিনি আরও বলেন,  ‘জাতীয় ঐক্যর অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার সরকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমে জাতীয় ঐক্যর শুরু করতে হবে, যেন আমরা আশ্বস্ত হই। আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়ে আসবো’।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, যুক্তরাজ্যে হত্যার উদ্দেশে তার ওপর হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন মিটিংয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়। তবে প্রবাসী ভাই-বোনেরা ঢাল হয়ে তাদের রক্ষা করেছেন। বিষয়টি যুক্তরাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এর আগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান, দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন