আন্তর্জাতিক

ভেজাল মদপানে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের চান্দেল জেলায় বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৮০ জন।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কয়েকজনের বাড়িতে, কয়েকজনের হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জারি করা এক নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চান্দেলের বাসিন্দাদের স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে সংগ্রহ করা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয় পান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মদপানের পর কারও বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়ীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ইম্ফল থেকে প্রয়োজনীয় ওষুধসহ সাধারণ চিকিৎসা বিশেষজ্ঞদের একটি দল চান্দেল জেলায় পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন