অবৈধভাবে গিজার উৎপাদেনের দায়ে কারখানা সিলগালা
শীতকালকে সামনে রেখে মানহীন গিজার উৎপাদনের দায়ে রাজধানীর যাত্রাবড়িতে একটি গিজার উৎপাদন কারখানা সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন।
বিএসটিআই জানায়, শীতকালকে সামনে রেখে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধ, মানহীন এবং অগ্নি দূর্ঘটনার ঝুঁকিপূর্ণ গিজার উৎপাদন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকার ৭২/৭/বি/২ ঠিকানায় একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায় ১০ এমএম বিআরবি এবং আর,এ,কে ব্র্যান্ড নামে ওই কারখানায় গিজার উৎপাদন হচ্ছে।
পরীক্ষা করে দেখা গেছে, উৎপাদিত গিজারগুলো অত্যন্ত নিম্নমানের। এসব গিজার বিস্ফোরিত হয়ে অগ্নি দূর্ঘটনার আশঙ্কা আছে। এসব গিজার উৎপাদন ও বিক্রি করতে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স নেই।
শুধু অবৈধ গিজার উৎপাদনই নয়, মানহীন অবৈধ এসব গিজার বাজারজাত করতে গ্রাহকদের ধোঁকা দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে। এমন অপরাধের পরিপ্রেক্ষিতে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছ থেকে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি কারখানা সিলগালা করা হয়েছে।
আই/এ