রাজনীতি

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা করেছেন স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস আলী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বের হয়ে এলো জমিদখল ও দরিদ্র ইদ্রিস আলীকে ফাঁসানোর চাঞ্চল্যকর তথ্য!’

পোস্টে রাশেদ খাঁন জানান, ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নুসরাত তাবাসসুম দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, তার বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা রয়েছে এবং জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা সোহানুর রহমান পুলিশ দল নিয়ে নুসরাতের বাড়িতে যান। তবে আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি কিংবা জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

তিনি আরও জানান, ওই সময় নুসরাত তাবাসসুম পুলিশ কর্মকর্তাকে মো. ইদ্রিস আলীর বিষয়ে সন্দেহের কথা জানান। ইদ্রিস আলীকে গ্রেপ্তার করলে এ ঘটনা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পরে পুলিশ ইদ্রিস আলীর বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে।

রাশেদ খাঁনের দাবি, পুলিশ ইদ্রিস আলী সম্পর্কে খোঁজখবর নিচ্ছে, এমন তথ্য তার কাছেও পৌঁছে যায়। এতে অতীতের মতো আবারও ফাঁসানোর আশঙ্কা করেন ইদ্রিস আলী। এ কারণে ১৪ নভেম্বর সকালে নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমকে বিবাদী করে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

ইদ্রিস আলীর সঙ্গে পূর্বের বিরোধের কারণ তুলে ধরে রাশেদ খাঁন জানান, বাগোয়ান গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন। জমিটি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ির পাশেই। জমির দখল বুঝে পাওয়ার পর সেখানে বসতভিটা তৈরি করে বসবাস শুরু করেন ইদ্রিস আলী।

তবে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আবদুল হালিম ওই জমি দখলের উদ্দেশ্যে ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালান এবং বাড়িঘর ভাঙচুর করেন বলে অভিযোগ করেন রাশেদ খাঁন। এ ঘটনায় উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে কারাগারে যেতে হয় বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, এ ঘটনায় মেয়ের ক্ষমতা ব্যবহার করেন আবদুল হালিম। ইদ্রিস আলীকে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। এ কারণে ভয়ে শ্বশুরবাড়িতে চলে যান ইদ্রিস আলী। পরে তার জমি দখল করে নেওয়া হয়। বসতভিটা হারানোর পর ইদ্রিস আলী স্ট্রোক করেন। বর্তমানে তিনি অসুস্থ ও অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।

রাশেদ খাঁন আরও জানান, নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনার পর ইদ্রিস আলী তাকে আবারও ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা করেন। এ পরিস্থিতিতে নিজের জমি ও বসতভিটা ভাঙচুরের অভিযোগে ১৪ নভেম্বর নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন