মেয়ের সহযোগিতায় সাত খুনের পর ‘শান্তিতে ও তৃপ্তিতে’ বাবা!
ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। স্ত্রী ও শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পরও কোনো অনুশোচনা নেই মূল অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক ইন্দুশেখরের। বরং পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর এখন ভীষণ ‘শান্তিতে ও তৃপ্তিতে’ আছেন। তদন্তে আরও উঠে এসেছে, বাবার পরিকল্পনায় সহযোগিতা করেছিলেন তার মেয়ে। সম্পত্তির লোভ ও পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ত্রীর অপমান এবং শ্বশুরবাড়ির সদস্যদের অবহেলার প্রতিশোধ নিতেই সাতজনকে হত্যার পরিকল্পনা করেছিলেন ইন্দুশেখর। তবে তদন্তকারীদের ধারণা, বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকার প্রায় ৩ কোটি রুপির একটি সম্পত্তি নিয়ে বিরোধও এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ।
পুলিশের তদন্তে জানা গেছে, বাবার হত্যার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন তার মেয়ে। মায়ের অংশের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তিনি বাবাকে সহযোগিতা করেন। হত্যাকাণ্ডের পর বাড়ির মেঝেতে লেগে থাকা রক্তের দাগ রাসায়নিক দ্রব্য দিয়ে পরিষ্কার করেন তিনি। এমনকি মরদেহগুলো প্যাকেটজাত করে বিভিন্ন স্থানে ফেলে আসার কাজেও বাবার সঙ্গে ছিলেন ওই তরুণী।
তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শ্রীরামপুরার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তির বড় একটি অংশ শাশুড়ি রূপাবতীর কাছে চেয়েছিলেন ইন্দুশেখর। তবে দুই ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাকে কেবল আইনগতভাবে প্রাপ্য অংশ দিতে রাজি ছিলেন রূপাবতী। এ নিয়ে পারিবারিক বিরোধ চরমে পৌঁছায়।
আরও ভয়াবহ তথ্য হলো, পরিবারের সদস্যদের হত্যার পর সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ও টিপসই স্ট্যাম্প পেপারে নিয়ে রেখেছিলেন ইন্দুশেখর।
গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছর বয়সী নাতি পুনীত।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শিলনোড়া দিয়ে আঘাত করে স্ত্রী সুনীতাকে হত্যার মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের শুরু। পরে তার মরদেহ নন্দী হিলসের কাছে ফেলে আসেন ইন্দুশেখর। পরবর্তী দুই সপ্তাহে নানা কৌশলে পরিবারের অন্য সদস্যদের বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়। কখনো মদ্যপানের আয়োজনের কথা বলে, আবার কখনো পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গেছেন বলে মিথ্যা তথ্য দিয়ে তাদের ডেকে আনা হয়েছিল।
ইন্দুশেখর ও তার মেয়ের ধারণা ছিল, বিভিন্ন স্থানে মরদেহ ফেলে রাখায় তাদের অপরাধের কোনো হদিস পাওয়া যাবে না। শুরুতে সাতজনকে হত্যার কথা স্বীকার করলেও ইন্দুশেখরের বক্তব্য নিয়ে সন্দেহ ছিল তদন্তকারীদের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের ব্যাপকতা ও পরিকল্পনার ধরন দেখে বিস্মিত হন তদন্তকারী কর্মকর্তারা।
সূত্র: গালফ নিউজ
এসি//