জলবায়ু সহনশীলতা বাড়াতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশ মন্ত্রী
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টায় তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনের জোন ডি-৩-এ অবস্থিত প্রেস কনফারেন্স রুম-১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী মিন্টু বলেন, প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে।
জলবায়ু অর্থায়নের ওপর গুরুত্বারোপ করে পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বৃদ্ধি করে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়। একই সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বৃদ্ধির আহ্বান জানায়।
জলবায়ু অভিযোজন কার্যক্রমকে কেবল পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনার বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগোষ্ঠীনির্ভর অভিযোজন উদ্যোগ সম্প্রসারণ করতে হবে। বৈশ্বিক অভিযোজন লক্ষ্য বাস্তবায়নে বেলেম অভিযোজন সূচক ও বেলেম-আদ্দিস ভিশন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা অপরিহার্য।
কপ-৩১ সম্মেলনের আলোচনার অগ্রগতি তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রথম চার দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগোলেও বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে উচ্চাভিলাষী, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ ফলাফল অর্জনে কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল শক্তিশালীকরণ, প্রশমন কর্মসূচি অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন– পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
এমজে/এ