রাজনীতি

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের যৌথ তদন্ত কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে পরিদর্শনে যান কমিটির সদস্যরা বলে গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ প্রথম দিনের কাজ শুরু করা হয়েছে।

কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

তদন্ত কমিটির সদস্যরা বলেন, যেসব কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে একটি প্রতিবেদন দাখিল করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি। 

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুইটি টিম কাজ করছে।

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি হয়েছে।

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন