আন্তর্জাতিক

হিন্দু নারীর শেষকৃত্য করলেন দুই মুসলিম ভাই

ধর্ম আলাদা, কিন্তু মায়ের প্রতি ভালোবাসায় কোনো বিভেদ নেই। প্রায় পাঁচ দশক ধরে যে হিন্দু নারীকে মায়ের মতো আগলে রেখেছেন, মৃত্যুর পর তার শেষকৃত্যও সম্পন্ন করেছেন দুই মুসলিম ভাই। ভারতের কেরালার ওয়ানাডে ৮৫ বছর বয়সী কল্যাণী আম্মার প্রতি রাজাক ও সুলাইমানের এই ভালোবাসা হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।

চিত্রগিরি এলাকার বাসিন্দা রাজাক ও সুলাইমানের সঙ্গে কল্যাণী আম্মার সম্পর্ক ছিল প্রায় ৫০ বছরের। জন্মদাত্রী মা না হলেও তাকে নিজেদের পরিবারের একজন, এমনকি মায়ের মর্যাদাতেই দেখতেন দুই ভাই। বার্ধক্য, অসুস্থতা ও অগ্নিদগ্ধ হওয়ার পরও তার চিকিৎসা ও সেবাযত্নে কোনো ঘাটতি রাখেননি তারা।

রাজাক জানান, তার বয়স যখন মাত্র দুই বছর, তখন থেকেই কল্যাণী আম্মা তাদের জীবনের অংশ হয়ে ওঠেন। পরিবারের সবাই তাকে নিজেদের মা হিসেবেই বিবেচনা করতেন।

রাজাক বলেন, ‘তিনি কি আমার মা নন? তার শেষকৃত্য করতে দ্বিধা কেন হবে? তিনি আমাদের কাছে পর কেউ নন।’

রাজাকের বাড়িতেই থাকতেন কল্যাণী আম্মা। বয়সের ভারে অসুস্থ হয়ে পড়ার পর এবং অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার সময়ও পরিবারটি তার পাশে ছিল। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া, ওষুধ কিনে দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সেবা করেছেন পরিবারের সদস্যরা। জীবনের শেষ সময় পর্যন্ত তাকে একা হতে দেননি তারা।

রাজাকের স্ত্রী জানান, কল্যাণী আম্মা তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন। পরিবারের সবাই মিলে একসঙ্গে বিভিন্ন উৎসব উদ্‌যাপন করতেন।

কল্যাণী আম্মার মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী সন্তানের মতো ভালোবাসা ও মর্যাদা দিয়ে শেষ বিদায় জানান দুই ভাই। ধর্মীয় পরিচয়কে পাশে রেখে তারা প্রমাণ করেছেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কোনো ধর্মীয় সীমারেখা নেই।

মায়ের ভালোবাসায় ধর্মের বিচার থাকে না

এ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। তিনি বলেন, ‘এটাই সেই কেরালা, যাকে আমি চিনি, ভালোবাসি এবং যাতে আমি বিশ্বাস করি। এখানে মায়ের ভালোবাসা কোনো ধর্মের তোয়াক্কা করে না। সন্তানের কর্তব্য কোনো জাতপাতের প্রশ্ন তোলে না।’

সূত্র: মাকতুব মিডিয়া

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন