আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরে আইনি গ্যাঁড়াকলে বেগম কারিনা!
দীপাবলির সাজে ঐতিহ্যবাহী গয়না পরেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে সেই গয়নাই এখন তাকে ঘিরে বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা প্রায় ২০০ বছরের পুরোনো একটি পান্নার অলংকার পরায় তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতেই কারিনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়েছিলেন কারিনা। এদিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে একই রঙের পাগড়ি পরেছিলেন তিনি। পাগড়িতে শোভা পাচ্ছিল একটি ঝলমলে কলগি। এটি আবার বিশেষ স্মৃতিবিজড়িত। কারণ, বিয়ের দিন এই কলগিই পরেছিলেন তার স্বামী সাইফ আলী খান।
তবে কারিনার পুরো সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট। সবুজ রঙের এই মূল্যবান পাথরে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত।
গয়নাটির সঙ্গে জড়িয়ে আছে নবাবি পরিবারের দীর্ঘ ইতিহাস। একসময় এটি ছিল ভোপালের বেগমের মালিকানায়। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে অলংকারটি পান কারিনা।
অভিনেত্রীর সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গয়নাটির ইতিহাস তুলে ধরেন।
তিনি জানান, কারিনার পরনে ছিল পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। এর সঙ্গে ছিল ভোপালের নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং বেগমের ৩০ ক্যারেটের পান্না। পান্নাটিতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।
রিয়া আরও জানান, এসব অলংকার সাইফ আলী খানের পরিবারের ঐতিহ্যের অংশ। তার দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে। সেই সূত্রেই ঐতিহাসিক গয়নাগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পরিবারের কাছে রয়েছে।
এদিকে নিজের সাজের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন কারিনা।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’
কিন্তু ঐতিহ্যবাহী অলংকারের ইতিহাস ও সৌন্দর্যের বাইরেও এবার আলোচনায় এসেছে ধর্মীয় আয়াত খোদাই করা গয়নাটি। পবিত্র কোরআনের আয়াত ব্যবহার করে তৈরি এই অলংকার দীপাবলির সাজে পরার বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন কয়েকজন। সেই আপত্তি গড়িয়েছে আইনি নোটিশ পর্যন্ত। ফলে নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো পান্নার গয়না ঘিরে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
সূত্র: এনডিটিভি
এসি//