বিনোদন

পাহাড়ে আনন্দের আসরে প্রথমবার একসঙ্গে জয়া-শ্রাবন্তী

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবার প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যাবে। খুন, রহস্য ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। নাম ‘আরএসভিপি মার্ডার’।

কলকাতার পরিচালক অর্জুন দত্ত নির্মাণ করবেন সিনেমাটি। গল্পের শুরু পাহাড়ি এলাকায় একটি আনন্দঘন আয়োজনকে ঘিরে। সেখানে হঠাৎ একটি অপ্রত্যাশিত বার্তা আসে। এরপরই বদলে যায় পরিস্থিতি। ধীরে ধীরে সামনে আসতে থাকে নানা রহস্য। কে খুনি, কেন ঘটেছে হত্যাকাণ্ড—এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

সিনেমাটিতে প্রতিশোধ, বিশ্বাসভঙ্গ ও সম্পর্কের টানাপোড়েন গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। একাধিক চরিত্রের মধ্য দিয়ে রহস্যের জট খুলবে। ফলে পুরো গল্পজুড়েই দর্শকদের সামনে থাকবে নানা প্রশ্ন।

‘অব্যক্ত’, ‘শ্রীমতী’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘বিবি পায়রা’র মতো সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছেন পরিচালক অর্জুন দত্ত। তার নির্মিত ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আগের কাজগুলোতে সম্পর্ক ও মানুষের আবেগকে গুরুত্ব দিয়েছেন তিনি। তবে এবার থ্রিলারধর্মী গল্প নিয়ে কাজ করছেন এই নির্মাতা।

অর্জুন দত্ত জানিয়েছেন, অনেক দিন ধরেই থ্রিলার সিনেমা নির্মাণের ইচ্ছা ছিল তার। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

তার ভাষায়, প্রতিটি সিনেমার গল্প আলাদা। পরিচালক হিসেবে বিভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চান তিনি।

জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায় ও অভীপ্সা চট্টোপাধ্যায়। আরও রয়েছেন লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, রূপালি রায় ভট্টাচার্য ও মনোজ ওঝাসহ অনেকে।

সিনেমাটিতে প্রতিটি চরিত্রকেই গুরুত্বপূর্ণ করে তুলে ধরতে চান পরিচালক।

তার মতে, গল্পের সঙ্গে চরিত্রগুলোর যথাযথ সংযোগ না থাকলে থ্রিলারের মূল আকর্ষণ নষ্ট হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের শেষ দিকে ভারতের উত্তরবঙ্গে শুরু হতে পারে ‘আরএসভিপি মার্ডার’-এর শুটিং। এখন দর্শকদের অপেক্ষা, প্রথমবার একসঙ্গে জয়া ও শ্রাবন্তীর অভিনয় পর্দায় কেমন রহস্য তৈরি করে।

এ সম্পর্কিত আরও পড়ুন