অপরাধ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২টি

রাজধানীতে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ৫২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, ইয়াবা, গাঁজা, অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১২৭ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৫৯ জন, উত্তরা থেকে ৫১ জন, লালবাগে ৪৯ জন, গুলশানে ৪৫ জন, ওয়ারীতে ৪০ জন এবং রমনা বিভাগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, বিশেষায়িত রিজার্ভ ইউনিট (এসআরইউ) তিনজন এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে একটি চীনা কুড়াল, চারটি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১১টি অংশবিশেষ এবং নিষ্ক্রিয় করা দুটি অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া চার হাজার ২৮২টি ইয়াবা বড়ি, ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ৪৩টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন