বিনোদন

অশালীন অঙ্গভঙ্গি করে আবারও বিতর্কে পরীমণি

বড় পর্দায় দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে অনুপস্থিত চিত্রনায়িকা পরীমণি। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে সিনেমার পর্দায় দেখা না মিললেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও নানা বিতর্কিত ঘটনায় নিয়মিতই আলোচনায় থাকছেন তিনি। এবার একটি ফ্যাশন শোতে অপ্রীতিকর পরিস্থিতি, দর্শকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী।

গত রোববার (০৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোর শেষ দিনে উপস্থিত হন পরীমণি। অনুষ্ঠানটির মঞ্চে পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারা এবং দর্শকদের একাংশের আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন পরীমণি। একপর্যায়ে দর্শকদের কাছ থেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হন তিনি। পরে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। অনুষ্ঠান শেষে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন পরীমণি। একই সঙ্গে অনুষ্ঠানস্থলের কয়েকটি স্টলও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও সরাসরি সম্প্রচারে পুরো আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এ সময় সাংবাদিকদের একাংশের বিরুদ্ধেও ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি।

তবে এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে।

তাদের অভিযোগ, পরীমণির গাড়িতে ভাঙচুরের দৃশ্যমান কোনো চিহ্ন ছিল না। এ নিয়ে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এদিকে গুলশান থানার পুলিশ জানিয়েছে, পরীমণি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেছেন। তবে তার গাড়ি কিংবা অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুরের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পুলিশের কাছে নেই।

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমণি। অন্যদিকে ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমণি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ কয়েকটি সাংবাদিক সংগঠন নিন্দা জানায়। পাশাপাশি পরীমণিকে বয়কটের ঘোষণাও দেয় সংগঠনগুলোর কয়েকটি।

সব মিলিয়ে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও একের পর এক বিতর্কে খবরের শিরোনাম হচ্ছেন পরীমণি। কখনো আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে বিরোধ, কখনো অনুষ্ঠানের মঞ্চে দর্শকদের প্রতিক্রিয়া, আবার কখনো গাড়ি ভাঙচুরের অভিযোগ। গুলশানের সর্বশেষ ঘটনাতেও সামনে এসেছে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য। তবে গাড়ি ও স্টল ভাঙচুরের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন