দেশজুড়ে

নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ঢালাইয়ের টুকরা পড়ে অটোরিকশাযাত্রী আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে প্রায় ৭ থেকে ৮ কেজি ওজনের ঢালাইয়ের একটি খণ্ড খুলে পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এতে তার ঘাড়ের হাড় ভেঙে গেছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ৭২ নম্বর পিলারের সংযোগস্থল থেকে ঢালাইয়ের একটি অংশ খুলে যাত্রীর মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পঞ্চবটি-মুক্তারপুর সেতু প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, পিলারের সংযোগস্থলে থাকা একটি ব্লক আগেই সরিয়ে ফেলার কথা ছিল। কিন্তু ঠিকাদারের অবহেলায় সেটি সরানো হয়নি। ওই ব্লকটি খুলে পড়েই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইওভারের অন্য কোনো অংশে ফাটল রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন