জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্য তিতাসের দাফন সম্পন্ন

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে প্রাণ হারানো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখের (২৭) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লস্করদিয়া পশ্চিমপাড়া কবরস্থানে তাকে নানির কবরের পাশে দাফন করা হয়।

এর আগে বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক হেলিকপ্টারে করে শহীদ তিতাস শেখের মরদেহ নগরকান্দার মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায়। সেখানে পদ্মা সেনানিবাস ক্যাম্পের ১৫ আরই রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল মরদেহ গ্রহণ করে। এরপর বিকেল ৫টার দিকে গাড়িতে করে মরদেহটি লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার জন্য নেওয়া হয়। জানাজার আগে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

ওই বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ সরাসরি কবরস্থানে নেওয়া হয়। তবে কবরস্থানে নেওয়ার পথে তিতাসের বাড়ির পাশের মোড়ে পরিবার ও স্বজনদের শেষ দেখার জন্য রাখা হয়।

পরে পারিবারিক কবরস্থানে নানীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

দাফনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে এ অকুতোভয় সৈনিককে শেষ বিদায়ের গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সমাধিতে সেনাবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সাতজন সৈনিক তিন দফায় ২১টি গুলি ছুড়ে সেনাসদস্যকে শেষ বিদায় জানান।

 

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন