শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে এসব এলাকায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব যান প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি ড্রোনের সাহায্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা ব্যবহার করছেন শরীরে সংযুক্ত ক্যামেরা ও বিশেষায়িত ক্যামেরা। বিজিবি সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছেন তাঁরা।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসি//