রাজধানী

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ ঢাকা

ছবি: সংগৃহীত

শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানীর বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে উঠে এসেছে ঢাকা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান সূচক দাঁড়িয়েছে ১৭০-এ। এই মাত্রার বায়ু স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ৩২২, যা দুর্যোগপূর্ণ পর্যায়ের। ২৭৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আর ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা।

আইকিউ এয়ারের সূচক অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন