দেশজুড়ে

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১

ছবি: সংগৃহীত

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় ২ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এসব তথ্য জানান।

তিনি বলেন, আশুলিয়া থানায় দুটি এবং সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুটি পৃথক কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা করে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মডেল আরও একটি মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি সাইফুল আলম বলেন, কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা পঞ্চম দিনের মতো বুধবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন