দেশজুড়ে

আজ থেকে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত ফাইল ছবি

জাটকা ইলিশের উৎপাদন ও সংরক্ষণ বাড়াতে আজ রোববার (১ নভেম্বর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে আট মাসের নিষেধাজ্ঞা। এ সময় ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, কেনাবেচা, পরিবহন, বিনিময় ও মজুত করা যাবে না।

১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আইন অমান্য করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

জাটকা সংরক্ষণে পটুয়াখালীর দশমিনা, বাউফল, দুমকি, মির্জাগঞ্জ, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় এখনো উল্লেখযোগ্য প্রচার-প্রচারণা দেখা যায়নি বলে জানা গেছে। 

কলাপাড়া উপজেলায় কিছু কার্যক্রম থাকলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। তবে জেলা প্রশাসন, জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে নদী ও সাগরে অভিযান পরিচালনার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞার সময় জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও মৎস্য বিভাগ কঠোর অবস্থানে থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাটকা শিকার ও পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। মহিপুর একটি গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র উল্লেখ করে তিনি এ কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন