তিন দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের লাশ
নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে মৃত যুবকের বাবা খোকন আলী মরদেহটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর হাসাইল (ভূয়াহাট বাজার) গ্রামের খোকন আলীর ছেলে। তিনি বালুবাহী বাল্কহেডের চালক ছিলেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে সিরাজগঞ্জের সদর উপজেলার ক্রসবার-৪ এলাকায় নদীর তীরে মরদেহটি ভেসে ওঠে। সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাবা জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেডে অবস্থানকালে বৈরী আবহাওয়া দেখা দেয়। ঝড়ো বাতাসের ফলে বাল্কহেড থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের তিন দিন পর আজ (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ক্রসবার-৪ এলাকায় যমুনা নদীর তীরে মরদেহটি ভেসে ওঠে।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।