আন্তর্জাতিক

আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর দলের ভোট কারচুপির অভিযোগ নাকচ পুলিশের

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ইসরাইলের নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিব্রু ভাষার একাধিক সংবাদমাধ্যমকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের দিন ভোটের স্বচ্ছতা নিয়ে অনিয়মের ঘটনা ছিল খুবই কম। আগের নির্বাচনগুলোর তুলনায় এবার এ ধরনের ঘটনা আরও কম ঘটেছে।

পুলিশের ওই সূত্রের দাবি, লিকুদের অভিযোগের সমর্থনে তদন্ত বা গোয়েন্দা তথ্য থেকে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর আগে কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) এক কর্মকর্তাও নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ভোট গণনার সময় আরব জনগোষ্ঠীর মধ্যে নজিরবিহীন ভোটার উপস্থিতির তথ্যও সামনে আসে।

এদিকে, নির্বাচনের আগেই হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, নেতানিয়াহু জয়ী না হলে আরব অধ্যুষিত এলাকাগুলোর ভোটের ফল চ্যালেঞ্জ করে নির্বাচন ‘ছিনতাই’ হওয়ার অভিযোগ তোলার পরিকল্পনা করেছিল লিকুদ। এ উদ্দেশ্যে দলটি আগেভাগেই কয়েকটি অভিযোগ ও কারচুপির দাবি প্রস্তুত করে রেখেছিল বলে ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন