খেলাধুলা

মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই দলে এসেছে বড় পরিবর্তন। চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। তার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস।

বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় মুশফিকের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদ হোসেন।

তিনি জানান, মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পান মুশফিক। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে বুধবার সকাল পর্যন্ত চোটের অবস্থার যথেষ্ট উন্নতি হয়নি।

বায়েজিদ বলেন, “মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।”

মুশফিকের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ের জন্য এটি নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

অন্যদিকে লিটন দাসের প্রত্যাবর্তনে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞতা বাড়ল বাংলাদেশের। মুশফিকের মতো নির্ভরযোগ্য ব্যাটারকে না পেলেও হৃদয়ের সাম্প্রতিক পারফরম্যান্স এবং লিটনের ফিরে আসা নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে দলের সমর্থকদের মধ্যে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন