দেশজুড়ে

টুপটুপ রিসোর্ট থেকে অগ্নিকাণ্ডের ১০ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ১০ দিন পর আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন নাসরিন আক্তার (২৭) নামে এক গৃহবধূ। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রিসোর্টটির ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটির পরিচয় শনাক্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এর আগে, আগুনে পুড়ে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবারের মধ্যে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হতে পারে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক রিমন ঘোষ  বলেন, শনাক্ত হওয়া ১০ জনের মধ্যে একটি পরিবারের ৬ জন ও অন্য একটি পরিবারের ৪ জন রয়েছেন। দুটি পরিবারই ঢাকায় থাকত।

নিহত ছয়জনের মধ্যে রয়েছেন মৌলিতা মেহজাবিন (১৯), লায়লা জাহান (২৫), ইসরাত জাহান (২৭), ফারিয়া কবির (৩৩), তাঁর ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তাঁরা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকায় থাকতেন।

অন্য পরিবারের নিহত চারজন হলেন ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন