জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জাপানের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানও।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো বিদেশ সফরে যাওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
রোববার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার চার সিট আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সিট, সফরসঙ্গী সবাই বসলাম। আল্লাহু আকবর বলল বিমানের মাইকে। হালকা ঝাঁকুনি।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’

এসি//