দেশজুড়ে

অপ্রতিম হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় ২ কিশোরসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে সাইফুল ইসলাম তুহিন (১৯) ও মো. সিয়াম ছাড়া অপর দুজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা রাজীব আহমেদ চার্জশিট দাখিল করেন। আজ (২৩ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটে বলা হয়, আইফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে বাঁশের তৈরি কোদালের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। তুহিন, সিয়ামসহ ৪ জনই হত্যার পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিল। সিয়াম ছাড়া বাকি ৩ জন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের আগেই আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সঙ্গে থাকা তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই কিশোরকে আটক করা হয়। তুহিনের বাসায় অভিযান চালিয়ে অপ্রতিমের কাছ থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছর বয়সী অপ্রতিম। পরদিন দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন