সাজেকে পর্যটকদের গাড়িতে গুলি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকার পর্যটন সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো পর্যটক আহত হননি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উজোবাজারে অবস্থানরত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, সকালে প্রায় তিন হাজার পর্যটককে নিয়ে একটি গাড়িবহর উজোবাজারে আন্দোলনকারীদের দেওয়া ব্যারিকেডের সামনে আটকা পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অনুরোধ করলেও অবরোধকারীরা সড়ক থেকে সরে যাননি। একপর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হলে বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যান। পর্যটকেরা উজোবাজার ছাড়ার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি হয়।
পর্যটকেরা জানান, সকাল থেকে তারা উদ্বেগের মধ্যে ছিলেন। দুপুর পর্যন্ত খাবারও খেতে পারেননি। সেনাবাহিনীর পাহারায় তাদের নিরাপদে নিয়ে যাওয়া হয়। পথে চারটি স্থানে তাদের আটকে দেওয়া হয়েছিল। উজোবাজারে তাদের লক্ষ্য করে ইট ও গুলি ছোড়া হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় কোনো পর্যটক আহত হননি।
অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোর করে তাদের সরিয়ে দিয়েছে। তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের ফিরিয়ে নেওয়ার সময় উজোবাজারে অবরোধকারীদের বাধার মুখে পড়তে হয়। তাদের সরে যেতে বলা হলে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পরে জঙ্গল থেকে গুলি চালান আন্দোলনকারীরা। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি ছোড়ে। এতে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি এবং তাদের নিরাপদে পার করে দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, ইউপিডিএফের সদস্যরা সামাজিক সংগঠনের ব্যানারে আন্দোলন করছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসি//