রাজধানী

প্রতিমা বিসর্জনে ঢাকায় ১৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন

দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নগরীর বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছেন ১৬ হাজারের বেশি পুলিশ সদস্য। এবার ঢাকা মহানগরীর ৩৩টি স্থানে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায়।

বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে পলাশী মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ। এ সময় তিনি এসব তথ্য জানান।

মো. শহীদুল্লাহ জানান, ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। শোভাযাত্রায় অংশ নিতে প্রতিমাগুলো ইতোমধ্যে নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে শুধু পোশাকধারী পুলিশ সদস্যরাই নন, থাকছেন বিভিন্ন বিশেষায়িত বাহিনীর সদস্যরাও। ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, বিশেষায়িত এসআরইউ, সোয়াট ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এসআরবির সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, এবার রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিসর্জনের বাকি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কোনো স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান মো. শহীদুল্লাহ। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় নগরবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পূজার শেষ পর্ব সম্পন্ন করতে সহায়তা করেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন