জাতীয়

যে ধর্মেরই হোন দেশ গড়তে আপনার সহযোগিতা দরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন এবং সবশেষ ২৪ এর অভ্যুত্থানে আমাদের উদ্দেশ্যে ছিল এমন এক বাংলাদেশ গড়ে তোলা যেখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে শান্তিতে থাকতে পারব। সেই বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের মানুষকে সহযোগিতা করবার জন্য আহ্বান জানাই।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে  চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে এদেশের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ জীবন বাজি রেখে  যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। কয়েক লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন। সেদিন যারা যুদ্ধ করেছিলেন, যারা শহিদ হয়েছিলেন তারা কেউ দেখে নেই কে কোন ধর্মের।

তিনি বলেন, স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে গণতন্ত্র রক্ষা ও ভোটের অধিকারের জন্য রাজপথে নেমে লড়াই করেছিল। সেখানেও লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে। তখনও মানুষ দেখেনি কে কোন ধর্মের। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে মানুষ গুলি খেয়েছে। আশপাশের মানুষ আহতকে ধরে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার চিকিতসা করেছে। যে চিকিৎসা করেছে এবং যারা নিয়ে গেছেন তারা কেউই খোজেন নি কে কোন ধর্মের।

তিনি আরও বলেন, আমরা হিন্দু হই, মুসলমান , বৌদ্ধ, খৃষ্টান যে ধর্মেরই হই না কেন। এটা আমাদের নিজস্ব বিষয়। কিন্তু এ দেশটা সবার, আমরা সবাই এ দেশের নাগরিক। সরকারের থেকে আমি যে সুবিধা পাব, আপনিও সে একই সুবিধা পাবেন। সংখ্যাগুর বা সংখ্যালঘু কোন বিষয় না। বিষয় হল আপনি বাংলাদেশি।

এর আগে রাত ৮টা ২০ মিনিটে জেএম সেন হল পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সেক্রেটারি বিপ্লব দে পার্থ এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল।

এ সম্পর্কিত আরও পড়ুন