দেশজুড়ে

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে উদ্ধার করা মরদেহগুলো নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সড়কের ওপর বাস ও ট্রাক পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন