বাংলাদেশের অবকাঠামো ও টার্মিনাল পরিচালনায় বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর
বাংলাদেশের অবকাঠামো, পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থা এবং শিল্প খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। বিশেষ করে দেশের বিভিন্ন টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় যুক্ত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখতে চায় দেশটি।
রোববার (১৮ অক্টোবর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার ফিলিপ অংয়ের বৈঠকে এ আগ্রহের কথা উঠে আসে।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের প্রশংসা করেন ফিলিপ অং। তিনি বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কারের ফলে বিনিয়োগকারীরা আরও সমন্বিত, দ্রুত ও কার্যকর সেবা পাবেন।
জবাবে আশিক চৌধুরী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও একীভূতকরণের এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও এর আওতায় আনার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, বিনিয়োগকারীদের জন্য কার্যকর সরবরাহব্যবস্থা গড়ে তোলা, বিশেষ করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ উৎসাহিত করা, বেসরকারিকরণ কার্যক্রম এগিয়ে নেওয়া, ডিজিটাল ব্যবস্থা সম্প্রসারণ এবং শিল্পের বিকাশে অনুকূল পরিবেশ তৈরি করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও পণ্য পরিবহন খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় সিঙ্গাপুরের আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা ও সক্ষমতার বিষয়টি উঠে আসে। বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় প্রতিষ্ঠানটির সম্পৃক্ত হওয়ার সম্ভাবনাও আলোচনায় স্থান পায়।
ফিলিপ অং বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ জানান। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নীতির ধারাবাহিকতা, স্বচ্ছতা ও পূর্বানুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিনিয়োগ, অবকাঠামো, পণ্য পরিবহন ও শিল্প উন্নয়নে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।
এসি//