জাতীয়

বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিষ্ঠা তাকে একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক সুদৃঢ় করতে আব্দুল হাইয়ের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। দেশে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি রাজপথের একজন বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে সক্রিয় ছিলেন।

তারেক রহমান উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান ও রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার প্রয়াণ দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন