জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ৫ পরামর্শ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের জন্য আয়োজক ও দর্শনার্থীদের পাঁচ ধরনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে রয়েছে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, শব্দযন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণ করা।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের সত্যতা যাচাই না করে শেয়ার বা এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। তথ্যের যথার্থতা নিশ্চিত না হয়ে কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তায় নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করতে বলা হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ যন্ত্র ও গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। 

মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে ব্যবহারের জন্য বিকল্প জেনারেটর বা চার্জার লাইট রাখতেও বলা হয়েছে।

মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড নিশ্চিত করার পরামর্শ দিয়েছে পুলিশ।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে। পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকেও বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ এবং স্থানীয় প্রশাসনের ঠিক করে দেওয়া স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে পুলিশ।

জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম, এসআরবি কন্ট্রোল রুম ও ফায়ার সার্ভিসের নম্বরও প্রকাশ করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯ ও ০১৩২০০০১৩০০।

ডিএমপির নম্বর ০২২২৩৩৫৫৫০০ ও ০১৮১৭৬০২০৫০। ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০২৯৬১১৩৫৩ ও ০১৭০৫৫০৫৫২৯ নম্বরে। এসআরবি কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০৯।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নম্বর ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯।

এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনা মূল্যে ২৪ ঘণ্টা ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। 

জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন