বাংলাদেশের তরুণদের দেখে অনুপ্রাণিত হয়েছি আমরা: নেহা বোরা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে তরুণদের চলমান আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেভাবে লড়াই করেছেন, ভারতের তরুণেরাও বর্তমানে মোদি সরকারের বিরুদ্ধে একই ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে নেহা বোরা বলেন, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে। একই সঙ্গে সমালোচনামূলক চিন্তাভাবনা দমিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের গভীর মিল রয়েছে।

দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নাট্যকর্মী ও আন্দোলনকর্মী নেহা বোরা ভারতের তরুণদের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্বাচনী সংস্কার ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন তিনি।
এসি//