দেশজুড়ে

১৯৯৬ সাল থেকেই জামায়াত-আওয়ামী লীগ বন্ধু: রাশেদ খাঁন

আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সাল থেকেই দল দুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতীতেও তাদের মধ্যে ঘনিষ্ঠতা দেখা গেছে। এ ছাড়া ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন আরও বলেন, অতীতেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ তা মোকাবেলা করেছে।

জ্বালানি সংকট নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দলটির আমীর নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করেছেন। তবে এই সংকটকে কেন্দ্র করে বিরোধী দলের লং মার্চ জনগণের কাছে গুরুত্ব পায়নি। পতিত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই সদ্য ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন