আন্তর্জাতিক

সিইসিকে বরখাস্ত না করা পর্যন্ত প্রতিদিন যন্তর মন্তর অভিমুখে মিছিল : সিজেপি

‘ভোট চুরি’ ও ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ‘ আঁতাত’-এর অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা বা অপসারিত না হওয়া পর্যন্ত তারা প্রতিদিন যন্তর মন্তরের দিকে মিছিলের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টিসহ (সিজেপি) বিভিন্ন ছাত্র সংগঠন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দিল্লিতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপি নেতা আজিংকা শেন্ডি।এর আগে ভারতের জাতীয় রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বিক্ষোভস্থলে সমবেত হওয়ার আহ্বানের জেরে পুলিশ ব্যাপক ধরপাকড় চালায়।

 "নিরপরাধ বিক্ষোভকারীদের ওপর নৃশংস নির্যাতন"-এর তীব্র নিন্দা জানান সিজেপি নেতারা। তাঁরা জানান, সকাল ১১টার দিকে দিল্লিতে বিমান অবতরণের পরপরই পুলিশ দীপকে ও অন্যদের বিমান থেকে তুলে নিয়ে যায়; কিন্তু তাঁদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

তাঁরা আরও অভিযোগ করেন যে, দীপকের সঙ্গে "অমানবিক" আচরণ করা হচ্ছে এবং মহারাষ্ট্রে নিজ শহরে প্রয়াত হওয়া তাঁর দাদির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতিও তাঁকে দেওয়া হচ্ছে না।

স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-র সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশে করে  "এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সম্ভাব্য ব্যাপকতম ঐক্য" গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "রবিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়বে। সর্বত্রই তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাবে এবং যেখানেই পুলিশি ব্যারিকেড দিয়ে তাদের আটকানো হবে, সেই এলাকাটিই 'যন্তর মন্তর'-এ পরিণত হবে।"

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, কংগ্রেস-নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ (INDIA) জোট সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে; ওই দিনই জোটের নেতারা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন