জাতীয়

ডিসেম্বরের মধ্যেই গঙ্গা চুক্তির আশা পানিসম্পদমন্ত্রীর

ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানি নিয়ে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) কারিগরি পর্যায়ের কাজ ইতোমধ্যে চলছে। এরপর মন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে চুক্তির বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বছর ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি সম্পন্ন করার বিষয়ে তারা আশাবাদী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত 'পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭৭ সালে প্রথম পাঁচ বছরের জন্য চুক্তিটি করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য নতুন চুক্তি করা হলেও সেখানে ওই গ্যারান্টি ক্লজ রাখা হয়নি। নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তি করার পাশাপাশি গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত রাখার বিষয়টি নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। জনগণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন,  তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ এবং বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেওয়ার বিষয়েও কাজ চলছে। ২০২৭ সালের মধ্যে যাচাইয়ের কাজ শেষ করে ওই বছরই প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের মানুষ এর সুফল পাবে।পদ্মা ব্যারেজের কাজ দৃশ্যমান করার জন্য ইতোমধ্যে একনেকে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে যে কোনো সময়ে এর কাজ দৃশ্যমানভাবে শুরু হতে পারে। এরই মধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন