আন্তর্জাতিক

ফের বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নিয়ে আবারও আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাদের সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করেছে দিল্লি পুলিশ বলে জানিয়েছে কংগ্রেস।

বুধবার (০৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যন্তরমন্তরে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় অন্যান্য আন্দোলনকারীকেও আটক করা হয়। তাদের টেনেহিঁচড়ে পুলিশ বাসে তুলে নিতে দেখা যায়।

কংগ্রেসের দাবি, পুলিশি বাধা এড়াতে দলটির কর্মী-সমর্থকরা একটি পুলিশ বাসের চাকা পাংচার করে দেন।

এর আগে মঙ্গলবার একই দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকেও পুলিশ হেফাজতে নিয়েছিল।

বুধবার দিল্লির একটি রেস্তোরাঁয় কৌশল নির্ধারণী মধ্যাহ্নভোজ শেষে সংসদ সদস্যরা যন্তরমন্তরের দিকে রওনা হন। এ সময় পুলিশ তাদের পথ আটকে দেয়। পরে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের নেতাদের একটি বাসে বসানো হয়।

পুলিশ অন্য বিক্ষোভকারীদের আটক করতে গেলে ইন্ডিয়া জোটের নেতারা বাস থেকে নেমে সড়কে বসে পড়েন। পুলিশ বারবার সরে যেতে বললেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সেখানে অবস্থান চালিয়ে যান।

একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়ে বলেন, ‘সংসদ সদস্যদের সঙ্গে কি এভাবে আচরণ করা হয়? এটি নজিরবিহীন। আমরা এখান থেকে এক চুলও সরব না।’

পরে পুলিশ তাদের জোর করে বাসে তুলে নিয়ে যায়। কংগ্রেসের অভিযোগ, যন্তরমন্তর বিক্ষোভের জন্য পূর্বানুমতি না থাকার কথা বলে পুলিশ তাদের আটক করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন