সন্ত্রাসবিরোধী আইনে এনসিপি নেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম সজলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এনসিপি নেতারা বিদ্যুৎ বিল নিয়ে একটি ফেসবুক পোস্টের জন্য সজলকে গ্রেপ্তারের কথা বললেও পুলিশ এটি অস্বিকার করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম।
সজলের মা আসমা আক্তার জানান, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে তার ছেলে একটি পোস্ট দিয়েছিল। পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে সে তা ডিলিট করে দেয়। পুলিশ তাকে জানিয়েছে, বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণে সজলকে গ্রেপ্তার করা হয়েছে।
এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক আবু রায়হান মেজবাহ বলেন, ‘সজল আমাদের কর্মী। দলীয় পরিচয় নিশ্চিত জেনেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন এখনো নিষিদ্ধ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তাদের ফ্যাসিবাদী কাজ চলছেই। সেই ধারাবাহিকতায় সজলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে’।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে গত রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়। বরং তাকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাস দেখেছি। তাকে গ্রেপ্তার করে গত সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আই/এ