অবৈধভাবে মজুত ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ বিভিন্ন ধরনের ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ ও জরিমানা করা হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার অভিযোগে দুবলিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে মজুত থাকা ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অবৈধভাবে মজুত রাখা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ