ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ব্রিফিংয়ে মাহদী আমিন জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক এবং বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ ও জনগণের অধিকারসহ দেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। বিনিয়োগ, রাজনৈতিক যোগাযোগ ও সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হচ্ছে।
রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়টি জাতিসংঘের বিভিন্ন বৈঠক ও পার্শ্ববৈঠকে তুলে ধরা হচ্ছে। আইরিন খান গত আগস্টে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন।
অন্যদিকে, বাংলাদেশে কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।
নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় কার্যালয় স্থাপন এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় এসেছে।
প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফরে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হচ্ছে। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসি//