এয়ারবাসের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত
ইউরোপীয় এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তিনি বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনো এয়ারবাসের প্রতি তাদের আগ্রহ বজায় রেখেছে এবং এ নিয়ে আলোচনা এখনো চলছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, কয়েক বছর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কারিগরি মূল্যায়ন ও গুরুত্বভেদে আলোচনার পর এয়ারবাস কেনার আগ্রহ প্রকাশ করেছিল। বিশ্বের বড় বড় সব বিমান সংস্থা দুই ধরনের উড়োজাহাজ তাদের বহরে রাখে; তাদের এয়ারবাসও থাকে, আবার বোয়িংও থাকে। বিশ্বে এমন একটি উড়োজাহাজ আছে যা ঢাকা থেকে কোনো বিরতি ছাড়াই সরাসরি আমেরিকার পূর্ব উপকূলে পৌঁছাতে পারে এবং সেটি বোয়িং নয়, সেটি এয়ারবাস।
তিনি বলেন, আমেরিকান বোয়িং কোম্পানি কিছু উড়োজাহাজ বিক্রি করতে সক্ষম হয়েছে, যা ২০৩১ বা ২০৩৫ সালের দিকে সরবরাহ করা হবে। এটা তাদের বাণিজ্যিক বিষয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনো এয়ারবাসের প্রতি তাদের আগ্রহ বজায় রেখেছে এবং এ নিয়ে আলোচনা এখনো চলছে। এসব কাজে সময় লাগে। আলোচনা এখনও সঠিক পথেই এগোচ্ছে এবং ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, ‘আমি কারিগরি আলোচনার বিশদ বিবরণ দেব না। কারণ,সেই অনুমতি আমার নেই এবং আমি এয়ারবাসের হয়ে সরাসরি চুক্তি আলাপকারী নই। এটি কোনো ফরাসি সরকারের চুক্তি নয় বা যুক্তরাজ্য সরকারের চুক্তি নয়,এটি সরাসরি এয়ারবাস কোম্পানির চুক্তি; যা যথাসময়ে বিমান ও এয়ারবাসের মধ্যে স্বাক্ষরিত হবে। তাই আমি এটি নিয়ে একেবারে চিন্তিত নই। আমি অবশ্যই একটি সমান সুযোগের ওপর জোর দেব’।
আই/এ