হঠাৎ বিশাল দল নিয়ে আল-আকসায় নেতানিয়াহু!
ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপ্পুর’ সামনে রেখে কড়া নিরাপত্তার মধ্যে দখলকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে পশ্চিম দেয়াল প্রাঙ্গণে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে ছিলেন কয়েকজন মন্ত্রী ও বিপুলসংখ্যক ইসরাইলি। সেখানে তারা ধর্মীয় প্রার্থনায় অংশ নেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে নেতানিয়াহু সেখানে যান বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।
গভর্নরেটের বিবৃতি অনুযায়ী, পুরোনো শহরের ওয়াদি সড়ক হয়ে বিপুলসংখ্যক ইসরাইলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন।
তবে নেতানিয়াহু ও তার সঙ্গে থাকা ইসরাইলিরা মূল আল-আকসা মসজিদে প্রবেশ করেননি। একই সময়ে মসজিদের অন্যতম প্রবেশপথ বাব আল-রহমার আশপাশে ইসরাইলিদের অবস্থান করতে দেখা যায়। ওই সময় আল-আকসায় নামাজ আদায় ও পুরোনো শহরের বাজারে কেনাকাটার জন্য ফিলিস্তিনিরাও সেখানে উপস্থিত ছিলেন।
আগামী ২১ সেপ্টেম্বর ইয়ম কিপ্পুর এবং এরপর সুক্কোটসহ একাধিক ইহুদি ধর্মীয় উৎসব রয়েছে। এসব উৎসবকে কেন্দ্র করে আল-আকসা মসজিদ ঘিরে নতুন কোনো পরিস্থিতি তৈরির উদ্যোগ ঠেকাতে ফিলিস্তিনিদের সেখানে অবস্থান করার আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) সকালেও ইসরাইলি পুলিশের নিরাপত্তায় প্রায় ১০০ ইসরাইলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট।
২০০৩ সাল থেকে ইসরাইলি পুলিশের পাহারায় ফিলিস্তিনিদের বাধা এড়িয়ে ইসরাইলিদের এভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের ঘটনা নিয়ে জেরুজালেমে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, ইহুদি ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে এ ধরনের প্রবেশের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে।
ইসলামি ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, পশ্চিম দেয়ালটি আল-আকসা মসজিদ প্রাঙ্গণের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে দীর্ঘদিন ধরে ইসরাইলি ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।
এসি//